আইন-আদালত

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলায় সেলিম প্রধান গ্রেপ্তার

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ৮:১১:০০ প্রিন্ট সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর গুলশান থানার একটি হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় আসামি সেলিম প্রধানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ​ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর এই আদেশ দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, আসামি সেলিম প্রধানকে আদালতে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন গুলশান থানার পুলিশ। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

আবেদনে বলা হয়, আসামি সেলিম প্রধান বিগত আওয়ামী লীগ সরকারের সক্রিয় নেতা ও অন্যতম অর্থ জোগানদাতা। ছাত্র আন্দোলনকে প্রতিহত করতে গুলশান ও ভাটারা এলাকায় শিক্ষার্থীদের মারধর ও সুপরিকল্পিতভাবে মামলার বাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় তার সরাসরি উসকানি এবং আর্থিক সহায়তার তথ্য পাওয়া গেছে। মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট গুলশান থানাধীন নতুন বাজার বাঁশতলা এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন ভুক্তভোগী মো. তৌহিদ মিয়া। ওই ঘটনায় তৌহিদ মিয়া বাদী হয়ে আদালতে একটি সিআর মামলা করেন। মামলায় এজাহারনামীয় ৮৮ জন এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

আরও খবর

Sponsered content