সারাদেশ

ঝিকরগাছায় আফিল এগ্রো লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ৩ ডিসেম্বর ২০২৫ , ৬:০৫:১৪ প্রিন্ট সংস্করণ

 

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের সাগরপুর গ্রামের আফিল এগ্রো লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বয়লার ইউনিট–১–এর ইলেকট্রিক সাইটে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনায় অফিস, তিনটি গুদামঘর, বিপুল পরিমাণ কাঁচামাল, কুলিং প্যাড ও বিভিন্ন মেশিনারিজ পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে কোটি টাকার ক্ষতি হয়েছে।

আফিল এগ্রো লিমিটেডের ব্যবস্থাপক মো. মানোয়ার হোসেন জানান, “দুপুরে নামাজ ও শ্রমিকদের লাঞ্চ বিরতির সময় হঠাৎ গুদামের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চিৎকার শুনে আমরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেই। পরে অতিরিক্ত দুটি ইউনিটসহ ফায়ার সার্ভিসের দল দ্রুত এসে প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে।”

তিনি আরও বলেন, “আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান ও তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার নয়ন বাবু চৌধুরী বলেন, “অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ও অতিরিক্ত ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”

স্থানীয়রা জানান, দ্রুত ফায়ার সার্ভিসের তৎপরতার ফলে আগুন আশেপাশের ভবনে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। তবে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং এলাকাবাসী ফায়ার সার্ভিস সদস্যদের সঙ্গে আগুন নেভানোর কাজে সহযোগিতা করে।

আরও খবর

Sponsered content