সারাদেশ

ঝিনাইদহ-৪ আসনে ভোটারদের দীর্ঘ লাইন, সকালেই কেন্দ্রে ভিড়

  তাপস কুণ্ডু, ঝিনাইদহ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫০:৫৬ প্রিন্ট সংস্করণ

শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোট শুরুর আগেই কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন বিপুল সংখ্যক ভোটার। কেন্দ্রের বাইরে দেখা দিয়েছে দীর্ঘ লাইন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ঝিনাইদহ-৪ আসনের অন্তর্ভুক্ত নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘুরে দেখা গেছে—ভোটারদের দীর্ঘ সারি। নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই সকালবেলায় ভোট দিতে কেন্দ্রে আসেন, যাতে দিনের ব্যস্ততা এড়িয়ে দ্রুত ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন।

নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা গৃহিণী মরিয়ম আক্তার বলেন,
“ফজরের নামাজ পড়েই এসে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছি। আমার দুটো ছেলে-মেয়ে আছে, ওরা বাসায় ঘুমাচ্ছে। ভেবেছিলাম খুব দ্রুত সময়ের মধ্যে ভোট দিয়ে বাসায় চলে যেতে পারব। কিন্তু এসে যে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে ভোট দিতে কয়েক ঘণ্টা লেগে যাবে।”

এই আসনে বিএনপি জোট থেকে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ রাশেদ খান। দশদলীয় জামায়াত জোট থেকে মনোনীত প্রার্থী মাওলানা আবু তালেব লড়ছেন ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত সাইফুল ইসলাম ‘কাপ-পিরিচ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চললেও ভোটারদের দীর্ঘ লাইনের কারণে সময়ক্ষেপণের আশঙ্কা করছেন অনেকে।

আরও খবর

Sponsered content