মোঃ নুরুজ্জামান শেখ, স্টাফ রিপোর্টারঃ ২৩ নভেম্বর ২০২৫ , ১১:১৫:২৪ প্রিন্ট সংস্করণ
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে টঙ্গীর ৪৬ নং ওয়ার্ডের হিমারদিঘী এলাকায় সিটি কর্পোরেশনের নিজস্ব জমিতে নতুন একটি স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবিত মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের অঞ্চল–১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। প্রস্তাবিত স্কুলের পরিচালক ও সিটি কর্পোরেশনের সচিব মো. আমিন আল পারভেজ সভাটি সঞ্চালনা করেন।
এছাড়া বক্তব্য দেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, ৪৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শফিউদ্দিন, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়শা সিদ্দিকা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম হারুনুর রশীদ, সুদীপ বসাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, টঙ্গীর শিক্ষাব্যবস্থার উন্নয়ন, মানসম্মত শিক্ষা বিস্তার এবং শিক্ষার্থী–অভিভাবকদের দীর্ঘদিনের দাবির আলোকে নতুন এ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, স্থানীয় শিক্ষার্থীদের বিদ্যালয় সংকট দূর করতে এবং এলাকার সার্বিক শিক্ষা অগ্রযাত্রায় এই নতুন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।














