সারাদেশ

লালপুর বাজারের প্রধান সড়কের উদ্বোধন, যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি

  মো. আইয়ুব আলী, লালপুর (নাটোর) ৬ জুন ২০২৬ , ১১:৫১:০৯ প্রিন্ট সংস্করণ

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উন্নয়ন কার্যক্রমের আওতায় নাটোরের লালপুর বাজারের বহুল প্রতীক্ষিত প্রধান সড়কের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়ক চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

গত ৫ জুন শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে সড়কটির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকারের লক্ষ্য তৃণমূল পর্যায়ে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন স্থানীয় অর্থনীতিকে গতিশীল করে এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লালপুর বাজারের এই সড়কটি এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। এর বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে।”

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে প্রশাসন নিরলসভাবে কাজ করছে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার ব্যবসায়ী সমিতির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কটি আধুনিকায়নের ফলে বাজারে পণ্য পরিবহন সহজ হবে এবং ক্রেতা-বিক্রেতাদের যাতায়াতে সুবিধা বাড়বে। একই সঙ্গে পথচারীদের চলাচলও হবে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়।

তাদের মতে, নতুন এই সড়ক লালপুর বাজারের বাণিজ্যিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে এবং এলাকার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর

Sponsered content