সারাদেশ

টঙ্গীতে সেফটি ট্যাংক বিস্ফোরণে আগুন, দগ্ধ কিশোরের মৃত্যু

  মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর: ২৭ মে ২০২৬ , ২:২২:৫৮ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের টঙ্গী বাজারে সেফটি ট্যাংক বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে রুদ্র দত্ত (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী বাজারের সালেহা মার্কেটের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুদ্র দত্ত ওই মার্কেটের ‘রুদ্র জুয়েলারি ওয়ার্কস’-এর মালিক গৌতম দত্তের ছেলে।

স্থানীয়রা জানান, দোকানটি একটি সেফটি ট্যাংকের ওপর নির্মিত ছিল এবং দীর্ঘদিন ধরে সেখানে শাঁখা ও সিঁদুর বিক্রি হয়ে আসছিল। ঈদকে সামনে রেখে কাজের চাপ বেশি থাকায় রাত পর্যন্ত দোকানে কাজ চলছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। দোকানের ভেতরে থাকা রুদ্র সারা শরীরে গুরুতর দগ্ধ হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উত্তরার আইচি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, সেফটি ট্যাংকে জমে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও খবর

Sponsered content