আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ , ১২:০২:৩২ প্রিন্ট সংস্করণ

ভারতের তামিলনাড়ুতে কৃষকদের জন্য বড় ধরনের ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ সম্পূর্ণ মওকুফ করা হবে। পাশাপাশি ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি পর্যন্ত মওকুফ দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার ১০০ দিন পূর্তি উপলক্ষে মঙ্গলবার বিধানসভায় এই ঘোষণা দেন বিজয়। তার এই ঘোষণাকে তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় বার্তাসংস্থা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বিধানসভায় বক্তব্য দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কৃষকদের জন্য অতিরিক্ত ৯৫৩ কোটি ৬ লাখ রুপি সহায়তা দেবে তার নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার।

ঘোষণা অনুযায়ী, সমবায় ব্যাংক থেকে নেওয়া ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ ১০০ শতাংশ মওকুফ করা হবে। ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি পর্যন্ত ছাড় দেওয়া হবে। আর ১ লাখ রুপির বেশি কৃষিঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ হাজার রুপি পর্যন্ত মওকুফ পাবেন কৃষকেরা।

এর আগে দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মধ্যে কৃষকদের জন্য ৫০ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দিয়েছিল তামিলনাড়ু সরকার। পরে সেই সুবিধা বাড়িয়ে ৭৫ হাজার রুপি পর্যন্ত ঋণের সম্পূর্ণ মওকুফ এবং ৭৫ হাজার রুপির বেশি ঋণের ক্ষেত্রে ৩৫ হাজার রুপি ছাড় দেওয়া হয়। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আগের এই উদ্যোগে ১৪ লাখ ৪৪ হাজারের বেশি কৃষক উপকৃত হয়েছেন।

নতুন ঘোষণার ফলে আরও বেশি কৃষক ঋণমুক্ত হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে সরকার। কৃষকদের আর্থিক চাপ কমানো এবং কৃষিখাতে সহায়তা বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content