প্রচ্ছদ

“টাকা দিয়েছি সরকারের ফান্ডে, এখন জবাব দেবেন ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা”

  প্রতিনিধি ২৩ জুলাই ২০২৫ , ৩:৩১:৩২ প্রিন্ট সংস্করণ

জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ২০২৪ সালে শতাব্দীর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছিল ফেনী জেলা। সেই সময় ঢাকার টিএসসিতে ব্যক্তিগত ও ছাত্র নেতৃত্বাধীন উদ্যোগে তোলা ত্রাণের টাকা ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

এই বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন তৎকালীন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২১ জুলাই) ফেনী সফরকালে তিনি বলেন—

“টিএসসিতে আমাদের উদ্যোগে তোলা ত্রাণের পুরো টাকা একটি আন্তর্জাতিক অডিট ফার্মের মাধ্যমে নিরীক্ষা করে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ফান্ডে জমা দেওয়া হয়েছে। আমাদের লজিস্টিক ও অভিজ্ঞতার অভাবে সরাসরি ত্রাণ বিতরণ করা সম্ভব ছিল না। এ কারণে সরকারিভাবেই এর সুষ্ঠু ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়।”

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এই টাকা কোনো দলীয় সরকারের নয়, বরং ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীন একটি মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছিল। তাই, প্রশ্ন তোলা উচিত সংশ্লিষ্ট উপদেষ্টা ও দপ্তরের কাছেই।

সারজিস আলম বলেন—

“যারা জানতে চান, তারা সরাসরি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে জিজ্ঞেস করুন, ফেনীর জন্য কত টাকা খরচ হয়েছে, বা হয়নি কেন? এই টাকার সদ্ব্যবহার হয়েছে কিনা— সেটি জানার অধিকার ফেনীর জনগণের রয়েছে।”

তিনি আরও জানান, এনসিপির কেন্দ্রীয় কমিটিতে থাকা ফেনীর নেতাদের ইতোমধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি খতিয়ে দেখার জন্য। এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে পুরো ব্যয়-বিবরণী জানাতে বলা হয়েছে।

এ নিয়ে ফেনীর সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এই পদক্ষেপকে স্বচ্ছতা ও জবাবদিহির চর্চা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে বিতর্ক এড়ানোর কৌশল বলেও মন্তব্য করছেন। তবে, সারজিস আলমের দাবির পর প্রশাসনিক জবাবদিহি ও তথ্য প্রকাশের দাবি আরও জোরালো হয়েছে।

আরও খবর

Sponsered content