তথ্যপ্রযুক্তি

ঢাকায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ দূত টম অ্যান্ড্রুজের বৈঠক

  প্রতিনিধি ২২ আগস্ট ২০২৫ , ৩:১২:১৫ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বারোপ করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ।

গতকাল (বৃহস্পতিবার) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন অ্যান্ড্রুজ। বৈঠকে তিনি উল্লেখ করেন, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন আহ্বানের উদ্যোগ প্রধান উপদেষ্টার হাত ধরেই এসেছে।

অ্যান্ড্রুজ বলেন, “রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা প্রদানে বাংলাদেশের উদারতায় বিশ্ব কৃতজ্ঞ। একই সঙ্গে স্থায়ী সমাধানের আশাকে বাঁচিয়ে রাখার জন্য আপনার নেতৃত্ব বিশেষভাবে প্রশংসনীয়।”

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আসন্ন জাতিসংঘ সম্মেলন দীর্ঘদিনের এই সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গাদের স্বাস্থ্য ও শিক্ষা সেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে। এ সময় তিনি অ্যান্ড্রুজকে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

টম অ্যান্ড্রুজ রাখাইন রাজ্যে স্থিতিশীলতা আনার উদ্যোগে ব্যাঘাত ঘটায় হতাশা প্রকাশ করেন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে দ্রুত একটি টেকসই সমাধান সম্ভব হবে এবং এ ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্ব অপরিহার্য।

উল্লেখ্য, টম অ্যান্ড্রুজ ২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত স্টেকহোল্ডার সংলাপে যোগ দিতে এসেছেন। এই সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরও খবর

Sponsered content