তথ্যপ্রযুক্তি

জামায়াত আমিরের কর্মজীবী নারী নিয়ে পোস্ট ঘিরে বিতর্ক, ‘হ্যাক হওয়া আইডি’ দাবি নিয়ে প্রশ্ন

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:৫৫:৫৫ প্রিন্ট সংস্করণ

ঢাকা: কর্মজীবী নারীদের বিষয়ে ডা. শফিকুর রহমান-এর ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্ট ঘিরে সারা দেশে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। বিতর্কিত ওই পোস্টের পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আইডি হ্যাক হওয়ার দাবি করা হলেও, কত দ্রুত অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া সম্ভব—তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানায়, দলের আমির কিংবা তার অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্বে থাকা কেউই ওই পোস্টটি দেননি। দাবি করা হয়, শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে স্বল্প সময়ের জন্য অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল এবং সেই সময়ের মধ্যেই বিতর্কিত পোস্টটি করা হয়। বিষয়টি নজরে আসার ৪৫ মিনিটের মধ্যেই অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে উদ্ধার করা হয়েছে বলেও দাবি করে দলটি।

 

এদিকে, বিতর্কিত পোস্ট প্রকাশের প্রায় ৯ ঘণ্টা পর আইডি হ্যাক হওয়ার দাবি তোলায় প্রশ্ন তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মজীবী নারীদের অবমাননা করা হয়েছে অভিযোগ তুলে ছাত্রদলসহ কয়েকটি সংগঠন বিক্ষোভ মিছিলও করেছে।

 

আইডি হ্যাক হওয়ার পর এত দ্রুত নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি নিয়েও সন্দেহ প্রকাশ করছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। সাইবার অপরাধ বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা জানান, কোনো এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেইলে সাধারণত হ্যাকিংয়ের আইপি সংবলিত নোটিফিকেশন পাঠানো হয়। অ্যাকাউন্টধারী হ্যাকের বিষয়টি নিশ্চিত করলে অ্যাকাউন্ট সাময়িকভাবে লক করে দেওয়া হয়।

তিনি বলেন, এক্স কর্তৃপক্ষ অ্যাকাউন্ট পুনরুদ্ধারে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে ভেরিফিকেশন চায়। কোনো কোনো ক্ষেত্রে মুখমণ্ডল শনাক্তকরণ (ফেস ভেরিফিকেশন)ও করা হয়। এসব ধাপ সম্পন্ন হলে রিসেট লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট ফেরত দেওয়া হয়।

তানভীর হাসান জোহা আরও বলেন, “সাধারণত হ্যাক হওয়া কোনো অ্যাকাউন্ট বৈধ উপায়ে উদ্ধার করতে হলে ধাপে ধাপে তিনটি লেয়ারে অথেনটিকেশন সম্পন্ন করতে হয়। এতে ন্যূনতম ২৪ ঘণ্টা সময় লাগে। অনেক ক্ষেত্রে ৭২ ঘণ্টা, কখনো ৭ থেকে ১০ দিন, এমনকি সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।”
অর্থাৎ, পুরো পুনরুদ্ধার প্রক্রিয়া শেষ হতে ২৪ ঘণ্টা থেকে দুই সপ্তাহ সময় লাগাই স্বাভাবিক।

প্রসঙ্গত, সম্প্রতি কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির পদে নারী আসা সম্ভব নয়—এমন বক্তব্য দিয়ে আলোচনায় আসেন ডা. শফিকুর রহমান। সর্বশেষ এক্স পোস্ট বিতর্ক সেই আলোচনাকে আরও উসকে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও খবর

Sponsered content