সারাদেশ

তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে পার্বতীপুরে একজন গ্রেপ্তার

  পার্বতীপুর প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ , ১২:৫১:৪৩ প্রিন্ট সংস্করণ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে গোলাম মোস্তফা (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তাকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক জানান, অভিযুক্ত গোলাম মোস্তফা ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশ্লীল, সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য প্রকাশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। বিষয়টি নজরে এলে স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা পুলিশকে অবহিত করেন।

এরপর পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাটস্থ সোমা স্টুডিওর সামনে থেকে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় আজ বুধবার (২১ জানুয়ারি) অভিযুক্ত গোলাম মোস্তফাসহ অজ্ঞাতনামা আরও ২–৩ জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ইলেকট্রনিক ডিভাইস ও ফেসবুকে অশ্লীল, সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য প্রকাশ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে পার্বতীপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন উপজেলার ১০ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপু।

এ বিষয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার বলেন, “আমাদের চেয়ারম্যান তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন ফেসবুকের মাধ্যমে গোলাম মোস্তফা। তিনি কাণ্ডজ্ঞানহীন ও মিথ্যা পোস্ট দিয়ে উদ্দেশ্যমূলকভাবে অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন।”

আরও খবর

Sponsered content