সারাদেশ

সাধারণ মানুষের উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়: খুলনা বিভাগীয় কমিশনার

  মাগুরা প্রতিনিধি: ২১ মে ২০২৬ , ৮:৩০:৩৭ প্রিন্ট সংস্করণ

 

খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন বলেছেন, সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ছাড়া অন্য সব উন্নয়ন মুখ থুবড়ে পড়বে। আগে সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদসহ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাঠ পর্যায়ের উন্নয়নই প্রকৃত উন্নয়ন। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য এডিবি, উপজেলা পরিষদের রাজস্ব খাতসহ বিভিন্ন তহবিল থেকে জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করতে হবে। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মসূচি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

শ্রীপুর উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের কাছ থেকে স্থানীয় সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় শুনেন।

এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুন খান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজউদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল গণি, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্রসহ অন্যরা।

সভা শেষে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন। এছাড়া তিনি উপজেলা ভূমি অফিস, গয়েশপুর ও সব্দালপুর ইউনিয়নের খাল খনন কার্যক্রম এবং এইচবিবি প্রকল্পের আওতায় নির্মাণাধীন ইটের রাস্তার কাজ পরিদর্শন করেন।

আরও খবর

Sponsered content