সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নওগাঁয় ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

  মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি ঃ ২ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০৮:৫৬ প্রিন্ট সংস্করণ

নওগাঁয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় ২৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গত রোববার (১ জানুয়ারি) দুপুরে ধামইরহাট উপজেলার বিজিবির বেইজ ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সীমান্তবর্তী পোরশা, সাপাহার ও ধামইরহাট উপজেলায় চার প্লাটুন করে মোট ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিয়ামতপুর, পত্নীতলা, বদলগাছী, মহাদেবপুর, নওগাঁ সদর, মান্দা, রানীনগর ও আত্রাই উপজেলায় দুই প্লাটুন করে মোট ১৬ প্লাটুন দায়িত্ব পালন করছে। এছাড়া নওগাঁ সদরে এক প্লাটুন বিজিবি রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।
লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুন আরও জানান, ১৪ ও ১৬ বিজিবির সমন্বয়ে জেলায় মোট ১১টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। সীমান্তবর্তী তিন উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। অন্য উপজেলাগুলোতে সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে।
তিনি বলেন, নির্বাচনি দায়িত্ব পালনের পাশাপাশি চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে, যাতে কোনো অপতৎপরতায় নির্বাচনি প্রক্রিয়া ব্যাহত না হয়।
বিজিবি অধিনায়ক বলেন, আসন্ন নির্বাচনে রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। ভোটাররা যেন ভয়হীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আরও খবর

Sponsered content