মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ৯ নভেম্বর ২০২৫ , ১:৪৭:১৩ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলম (২২)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই অভিযানে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত ভিকটিমকে।
রোববার (৯ নভেম্বর) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপহরণ, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে বাহিনীটি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মোছা. বাবলী (১৭)-কে স্কুলে যাতায়াতের সময় দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল আসামি জাহাঙ্গীর আলম। বিষয়টি জানতে পেরে ভিকটিমের বাবা তাকে সতর্ক করলেও ২০ আগস্ট রাতে বাড়ির সামনে থেকে মেয়েটিকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় জাহাঙ্গীর ও তার সহযোগীরা।
ঘটনার পর ভিকটিমের বাবা মো. বাবুল বালিয়াডাঙ্গী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫)-এর ৭/৩০/৯(১) ধারায় মামলা দায়ের করেন (মামলা নং–০২/১৬০, তারিখ–০২/০৯/২০২৫)।
মামলার পর র্যাব-১৩ (দিনাজপুর) ও র্যাব-১১ (নারায়ণগঞ্জ)-এর যৌথ আভিযানিক দল গত ৭ নভেম্বর রাতে মুন্সিগঞ্জের বালিগাঁও বাজার এলাকায় কোহিনুরের বাড়িতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে।
গ্রেফতার আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।




















