প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:০২:৩৯ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ দুই দশক পর মন্ত্রী পেল রাজশাহীবাসী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর আজ মঙ্গল মন্ত্রিপরিষদ গঠন করেছে বিএনপি। এতে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে বিজয়ী প্রার্থী মিজানুর রহমান মিনুকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে দীর্ঘ সময় পর একজন পূর্ণমন্ত্রী পেল রাজশাহীবাসী।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেন তিনি। মিজানুর রহমান মিনু দীর্ঘ ১৭ বছর সিটি করপোরেশনের মেয়র ছিলেন। ২০০১ সালে মেয়র থাকাকালে তিনি সংসদ সদস্যও নির্বাচিত হন।
এদিকে মিনুর মন্ত্রী হওয়ার খবরে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপির উচ্ছ্বসিত নেতাকর্মীরা। মহানগর বিএনপি কার্যালয়ে জড়ো হয়ে নেতাকর্মী সড়কে সাধারণ মানুষকে মিষ্টি মুখ করান। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজরি রহমান রিটন।
এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের তৎকালীন সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। আর আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ছিলেন এমরান আলী সরকার।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘অনেক বছর পর আমাদের রাজশাহী থেকে একজন মন্ত্রী হলো এটা সত্যিই গর্বের বিষয়। আমরা আশা করি, এখন এলাকার উন্নয়ন আরও দ্রুত হবে। এটা শুধু একজন মানুষের অর্জন না, পুরো রাজশাহীর অর্জন। আমরা চাই, নতুন মন্ত্রী তরুণদের জন্য কাজ করবেন। আমরা চাই তার মাধ্যমে রাজশাহীতে দলের চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো তিনি বাস্তবায় করবেন। পাশপাশি রাজশাহী যে উন্নয়ন বাকি ছিল, সেগুলো তিনি তার মাধ্যমে নিয়ে আসবেন এমনটিই আমাদের আশা।’
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে ১১৫টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।














