সারাদেশ

দুই জায়ের ঝগড়া থেকে সংঘর্ষ, সিরাজগঞ্জে দুই মহল্লায় ভাঙচুর-লুটপাট; আহত ৩০

  সিরাজগঞ্জ প্রতিনিধি: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:২৮:২৯ প্রিন্ট সংস্করণ


সিরাজগঞ্জ পৌর শহরের রেললাইনের পাশে বসবাসরত দুই জায়ের বিরোধকে কেন্দ্র করে মাহমুদপুর ও মিরপুর মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত দুই দিনের সহিংসতায় অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং শতাধিক বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, রেললাইনের পাশে বসবাসরত কাইয়ুমের স্ত্রী ও তার ছোট ভাই সিয়ামের স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে বিরোধ হতো। গত পরশু কুকুরছানা নিয়ে কথা কাটাকাটির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পক্ষ মাহমুদপুর মহল্লার এবং অন্য পক্ষ মিরপুর মহল্লার হওয়ায় তাদের স্বজনরা দুই এলাকা থেকে এসে জড়ো হন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে রেললাইনের পাথর নিক্ষেপ ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, নদীভাঙনের কারণে রেললাইনের পাশে আশ্রয় নেওয়া নিরীহ পরিবারগুলোর অন্তত শতাধিক বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তারা মাহমুদপুর বা মিরপুরের স্থায়ী বাসিন্দা নন।

কাইয়ুমের স্ত্রী সনি জানান, ঘটনার সূত্রপাত পারিবারিক ঝগড়া থেকে। পরে উভয় পক্ষের স্বজনরা জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বর্তমানে তার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মাহমুদপুর মহল্লার বাসিন্দা রিয়াল বলেন, “দুই গ্রামের সংঘর্ষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইনের ধারে থাকা নিরীহ মানুষ। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন।”

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, তিনি দুই এলাকায় গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং নির্ধারিত দিনে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। কয়েকজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।”

আরও খবর

Sponsered content