জাতীয়

দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি নতুন চেয়ারম্যানের

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ , ৫:১৩:৫৩ প্রিন্ট সংস্করণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভাবমূর্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেছেন, ‘কোনো চাপের মধ্যে না থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন।’

বুধবার প্রথম কার্যদিবসে অফিস করার পর বিকেলে সাংবাদিকদের তিনি একথা বলেন। ১৬৭ দিন কমিশনশূন্য থাকার পর দায়িত্ব নেওয়া দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া বুধবার প্রথম কার্যদিবসে অফিস করিশনার।

দুদক অতীতে রাজনৈতিক সরকারের সময় স্বাধীনভাবে কাজ করতে পারেনি-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা কোনো চাপের মধ্যে নেই।’

আসাদুজ্জামান বলেন, ‘আজকে আমাদের প্রথম কার্যদিবস ছিল। আমরা কাজ শুরু করেছি। আমরা যেন মানুষের প্রত্যাশা পূরণ করে, প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করতে পারি। দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি। দেশ থেকে দুর্নীতিমুক্ত করার যথোপযুক্ত চেষ্টা করবো।’

তিনি বলেন, ‘আমরা কাজ করা শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ আগামী দিনে ভালো ফলাফল আমরা নিয়ে আসতে পারব।’

আওয়ামী লীগ সরকারের সময় শুরু হওয়া বিভিন্ন অভিযোগের অনুসন্ধান, আগের কমিশনের হাতে থাকা ফাইল এবং আলোচিত বিভিন্ন বিষয়ে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘আমাদের সামনে এখনো ওই রকম কোনো ফাইল আসে নাই। আমরা বসছি কেবল। আসুক, আমরা যা করব আপনারা নিজেরাই দেখতে পাবেন।’

তিনি বলেন, ‘আমরা ইন অ্যাডভান্স কথা বলতে চাই না। আমরা এক কথা বললাম, কাজ করতে পারলাম না, পরবর্তীতে আপনারাই তো প্রশ্ন তুলবেন। অতএব দয়া করে আমাদের সুযোগ করে দিন। আমরা স্বাধীনভাবে কাজ করছি। আমাদের সামনে যে সমস্যা আসুক, আমরা সমাধান অত্যন্ত সুন্দরভাবে করতে পারব।’

আগের সরকারের সময় করা মামলা, তদন্ত শেষে চার্জশিট দেওয়া বাকি থাকা অভিযোগ এবং বিদেশে পালিয়ে থাকা দুদকের মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলেও নির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা বলেননি চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমার সামনে এখন পর্যন্ত কোনো ফাইল এখনো আসে নাই। আমরা বসছি। বসলে কী হচ্ছে আপনারা আমাদের প্রেস উইং থেকে সমস্ত তথ্যগুলোই জানতে পারবেন।’

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং অর্থ পাচার রোধে নতুন কমিশনের পরিকল্পনা কী-এ প্রশ্নে চেয়ারম্যান বলেন, ‘প্ল্যান নিয়ে তো কাজ করতে হবে। পাচারকারী নিয়ে আমরা তো বসি নাই এখনো। আমরা বসি, আমরা জানাব।’

তিনি আরও বলেন, ‘আমরা এই সাড়ে চার কোটি বিষাদগ্রস্ত মানুষের প্রত্যাশা সামনে রেখেই কিন্তু এখানে আসছি। আল্লাহ আমাদের সহায় হোন, আপনাদেরও সহায় হোন।’

নতুন কমিশনের কাজের মূল্যায়ন ফলাফলের ভিত্তিতে করার আহ্বান জানিয়েছেন কমিশনার জাহাঙ্গীর আলম খান। চেয়ারম্যানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, ‘বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয়।’

অপর কমিশনার সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে চেয়ারম্যানের নেতৃত্বে কমিশন প্রতিটি বিষয়ে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ‘আপনারা দেখতে পাবেন।’

আরও খবর

Sponsered content