সারাদেশ

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য’ স্লোগানে শ্রীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

  মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ৪:৫৫:৪৯ প্রিন্ট সংস্করণ

 

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ঝিনাইদহ জেলা কার্যালয় ও শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে মঙ্গলবার নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্‌যাপিত হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানসূচি শুরু হয়। পরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর উপজেলা শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সালেক মূহিদ। শ্রীপুর প্রেস ক্লাবের সহসভাপতি আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া, শ্রীপুর মহিলা কলেজের অধ্যক্ষ ও শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক শেখ মঈদুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রযাত্রার প্রধান অন্তরায়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন থেকে সততা ও নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দিতে হবে। তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী চেতনায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

আরও খবর

Sponsered content