হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: ২৮ মার্চ ২০২৬ , ৪:১৮:১৭ প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গোয়ালঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই কৃষক দগ্ধ হয়েছেন। পাশাপাশি আগুনে গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে গেছে।
শুক্রবার (২৭ মার্চ) দিনগত রাত ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর কাচারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক জানবার প্রামাণিকের গোয়ালঘরে জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গোয়ালঘর ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা ৪টি গরু, ৪টি ছাগল, একটি মোটরসাইকেলসহ ফসল ও আসবাবপত্র পুড়ে যায়।
খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
এ ঘটনায় বাড়ির মালিক জানবার প্রামাণিক ও তার ভাই হোসেন প্রামাণিক দগ্ধ হন। গবাদিপশু রক্ষার চেষ্টা করতে গিয়ে তারা আহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তারা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ফিলিপনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, হঠাৎ আগুন লাগায় পরিবারের সদস্যরা কিছুই রক্ষা করতে পারেননি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার চেষ্টা চলছে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অধিকাংশ মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়ালঘরের কয়েল বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।




















