ঢাকা প্রতিনিধি : ৯ জানুয়ারি ২০২৬ , ৩:০৭:৫৪ প্রিন্ট সংস্করণ
রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় ব্যানারসহ তারেক হাসান (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকায় টহলরত পুলিশ সদস্যরা তাকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার বহনকৃত ব্যাগ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়। এরপর তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ধানমণ্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার হওয়া ব্যানারে লেখা ছিল—
“নাম পরিবর্তন, বঙ্গ অস্তিত্ব যাদুঘর। এই যাদুঘরটি বাংলাদেশের সমস্ত জনগণের সহযোগিতায় সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি করা হবে ইনশাআল্লাহ। ঘোষণায় মোল্লা তারু।”
পুলিশ জানায়, গ্রেপ্তার তারেক হাসানের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া এলাকায়। তার বাবা মৃত আমজাদ হোসেন মোল্লা। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার সিয়াছড় এলাকায় বসবাস করছেন।
এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





















