সারাদেশ

ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: এ্যানি

  নিজস্ব প্রতিবেদক ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:৪১:৩৩ প্রিন্ট সংস্করণ

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুরে লামচরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করে বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মন্তব্য করেছেন, ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে।

এ্যানি বলেন, “দীর্ঘ অপেক্ষার পর সুন্দর পরিবেশ পেয়েছি। এ পরিবেশের মাধ্যমে দেশবাসী ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। আমার বিশ্বাস, শান্তিপূর্ণ পরিবেশ অব্যাহত থাকবে। আমরা এই শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে পারব। নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত হলে লক্ষ্মীপুরবাসী ঐক্যবদ্ধ থাকবে। আগামী দিনগুলোতে আমাদের উন্নয়নের ধারাও অব্যাহত থাকবে। আমরা সবার পাশে আছি, সবার পাশে থাকব।”

এসময় বিএনপির প্রার্থী এ্যানির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর-৩ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াতের রেজাউল করিম রয়েছেন। ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোটগ্রহণ হচ্ছে। দেশের ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ তৈরি করা হয়েছে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন; এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ ও স্বতন্ত্র ২০)। বিএনপি সর্বোচ্চ ২৯১ জন প্রার্থী দিয়েছে। ১০টি নিবন্ধিত রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি।

শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে নির্বাচন বাতিল করা হয়েছে। ফলে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

আরও খবর

Sponsered content