সারাদেশ

নওগাঁর মান্দায় বিলের মাঝে প্রাচীন বটগাছ: সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র

  মাহবুবুজ্জামান সেতু , নওগাঁ প্রতিনিধি: ২৪ মার্চ ২০২৬ , ৭:০০:২৯ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দা উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের বৈলশিং গ্রামের বিলের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি প্রাচীন বটগাছ এখন স্থানীয়দের অন্যতম বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই গাছটি বিশেষ করে ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ বিভিন্ন ছুটির দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

স্থানীয়দের ভাষ্য, বিশাল আকৃতির এই বটগাছটি দীর্ঘদিন ধরে এলাকার ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত। এর বিস্তৃত ছায়া ও মনোরম পরিবেশ প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করলেও পর্যাপ্ত অবকাঠামোর অভাবে দর্শনার্থীদের নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, পরিকল্পিত উন্নয়ন করা হলে গাছটিকে ঘিরে একটি পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র গড়ে তোলা সম্ভব, যা জেলার অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারে।

স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মতিন মাল বলেন, “এটি আমাদের এলাকার একটি মূল্যবান সম্পদ। এখানে স্থায়ী শেড ও আধুনিক বসার ব্যবস্থা করা হলে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারবেন।”

সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব লোকমান আলী হাজারী বলেন, “শিক্ষার্থীরাও এখানে প্রকৃতি সম্পর্কে জানতে আসে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছটির গুরুত্ব অপরিসীম। চারপাশ পাকা করা, বসার ব্যবস্থা ও আলোকসজ্জা এখন সময়ের দাবি।”

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইসলাম খোকন বলেন, “প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি শান্তির স্থান। তবে দুর্যোগের সময় আশ্রয়ের কোনো ব্যবস্থা নেই। নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়ানো জরুরি।”

ডা. মোয়াজ্জেম হোসেন বলেন, “বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের অভাব রয়েছে। এটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে এসব মৌলিক সুবিধা নিশ্চিত করতে হবে।”

দর্শনার্থী মুজাহিদ হোসেন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে এখানে মানুষের আগমন বেড়েছে। তবে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।”

আরেক দর্শনার্থী আব্দুল লতিফ বলেন, “এটি স্থানীয়দের প্রধান বিনোদনকেন্দ্র। সৌন্দর্যবর্ধনের পাশাপাশি ছোটখাটো দোকান বা স্টল স্থাপন করা হলে এলাকার অর্থনীতিও সচল হবে।”

স্থানীয়দের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামান্য উদ্যোগেই বৈলশিংয়ের এই প্রাচীন বটগাছটি উত্তরবঙ্গের একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে।

আরও খবর

Sponsered content