মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৫ , ১১:২০:৩৮ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে সেগুন গাছ চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বন অধিশাখা) শামিমা বেগম।
রবিবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করে দৈনিক কালবেলা’র প্রতিনিধি মোজাহিদ মুশি ও দৈনিক বাংলা টাইমস-এর জেলা প্রতিনিধি ত্রিপুরারি দেবনাথের কাছ থেকে বক্তব্য নেন। এর আগে গাছ চুরির ঘটনার কভারেজ করতে গিয়ে ওই দুই সাংবাদিক হামলার শিকার হন।
পরিদর্শনকালে হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান, চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, সহকারী বন সংরক্ষক জামিল হোসেনসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে যুগ্ম সচিব শামিমা বেগম সাংবাদিকদের জানান, সেগুন গাছ চুরি ও সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।















