নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৪:৫২:০০ প্রিন্ট সংস্করণ
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব সিটি করপোরেশন, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা প্রশাসন বিভিন্ন অংশীজনকে সঙ্গে নিয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেস ক্লাবের সভাপতি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল শনাক্ত করে ধ্বংস করা, বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া আগামী তিন মাস প্রতি শনিবার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা পরিষদ মাঠের ড্রেন পরিষ্কার, আশপাশের আগাছা অপসারণ ও জমে থাকা আবর্জনা পরিষ্কারে কর্মকর্তা ও অংশীজনরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। নিজ নিজ বাড়ি, আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব।
তাঁরা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত বাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।
‘সচেতন হই, পরিচ্ছন্ন থাকি—সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ি’—এই প্রত্যয়ে আগামী দিনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।





















