সারাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন

  শাহনেওয়াজ শাহ্, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ২০ এপ্রিল ২০২৬ , ১০:১৭:৪৯ প্রিন্ট সংস্করণ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কন্যা নাদিয়া পাঠান পাপন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়ন তালিকায় তার নাম রয়েছে ৩২ নম্বরে।

এ খবরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিজয়নগর উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

নাদিয়া পাঠান পাপন বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের বাসিন্দা। তিনি মরহুম আনোয়ার হোসেন ও বিজয়নগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং জেলা পরিষদের সাবেক সদস্য সৈয়দা নাখলু আক্তারের মেয়ে।

শিক্ষাজীবনে তিনি দাউদপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকার বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চশিক্ষা অর্জন করেন।

রাজনৈতিক জীবনে নাদিয়া পাঠান পাপন ২০০০ সালে চান্দুরা ইউনিয়ন ছাত্রদলের সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত হন। পরে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে অধ্যয়নকালে ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং কেন্দ্রীয় পর্যায়েও নেতৃত্বের ভূমিকা রাখেন। বর্তমানে তিনি বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন এবং একাধিকবার হামলা ও মামলার শিকার হন।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় নাদিয়া পাঠান পাপন বলেন, “দীর্ঘদিন ধরে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সব আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে ছিলাম। দল কঠিন সময় পার করলেও মাঠে সক্রিয় ছিলাম। তাই মনোনয়ন পাওয়ার বিষয়ে আমি আত্মবিশ্বাসী ছিলাম।”

তিনি আরও বলেন, “সমাজের পিছিয়ে থাকা নারী ও শিশুদের কল্যাণে কাজ করতে চাই। নারীদের বিভিন্ন প্রতিবন্ধকতা দূরীকরণে কাজ করাই হবে আমার অঙ্গীকার।”

আরও খবর

Sponsered content