সারাদেশ

মৃত্তিকা একাডেমির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘মৃত্তিকা পদক’ পেলেন আশরাফুল ইসলাম

  মিজানুর রহমান মিন্টু, স্টাফ রিপোর্টার ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৫:০৮:০৮ প্রিন্ট সংস্করণ

‘সত্যের আলোয় এই দেশ গড়ি, ঈমানের ছোঁয়ায় জীবন আকাশে উড়ি’—এই স্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মৃত্তিকা একাডেমির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যম ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক ইত্তেফাকের মিডিয়াকর্মী ও তেঁতুলিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আশরাফুল ইসলামকে ‘মৃত্তিকা পদক-২০২৬’ প্রদান করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সত্যবাদী মানুষ হতে সংস্কৃতির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, পদক প্রদান, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি কবি রানা হোসেনের সভাপতিত্বে এবং রৌশন আরা নিপার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক তথ্য সচিব ও মৃত্তিকা একাডেমির প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মো. আবদুস সালাম।

প্রধান আলোচক ছিলেন মেজর মো. ইউসুফ শরীফ (অব.)। আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম চঞ্চল।

আলোচনা সভায় বক্তারা সমাজে সুস্থ সংস্কৃতির চর্চা আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তুলতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূমিকা তুলে ধরেন তাঁরা।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে পদক ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আরও খবর

Sponsered content