কৃষি বার্তা

পার্বতীপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৫ , ৯:৩৪:১৯ প্রিন্ট সংস্করণ

 

দিনাজপুরের পার্বতীপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে জনপ্রিয় মেধাবৃত্তি পরীক্ষা ‘কিশোরকণ্ঠ পরীক্ষা–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ফাউন্ডেশনের সহযোগিতায় দিনাজপুর জেলার ছয়টি উপজেলায় ১২টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার চতুর্থ থেকে দশম শ্রেণির প্রায় ৫ হাজার ৪ শত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

পার্বতীপুর উপজেলায় তিনটি কেন্দ্রে মোট ৯১৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জ্ঞানাংকুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৬৫ জন, ভবানীপুর কালিম মাদ্রাসা কেন্দ্রে ২৬৬ জন, এবং আমবাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরীক্ষার আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা আমির ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহ, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি ও যুব সভাপতি গোলাম মুক্তাদী মুন্না, ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইদুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের জেলা নির্বাহী সদস্য আসিফ হোসেন, উপজেলা প্রতিনিধি ও কেন্দ্র সচিব আসাদুল্লাহ আল গালিব, প্রতিনিধি আল ইমরান, কেন্দ্র পরিদর্শক রবিউল ইসলাম রাজা ও শাহিন আক্তার।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ তিনটি ক্যাটাগরিতে মোট দুই লাখ টাকার বৃত্তি প্রদান করা হবে। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে দেওয়া হবে ল্যাপটপ, আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।

আয়োজকরা জানিয়েছেন, আগামী সপ্তাহে পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হবে।

আরও খবর

Sponsered content