বরিশালের আগৈলঝাড়ায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হলরুমে বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি’র সহযোগিতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়। “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাম্মদ মরিয়ম।
বিশেষ অতিথি ও বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইসা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফছা বিনতে হারুন, উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও লিখন বনিক বলেন, দেশের উর্বর মাটি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কৃষিখাতে বিপুল সম্ভাবনা রয়েছে। নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের কৃষিপণ্যের চাহিদা বাড়বে।
প্রধান অতিথি মোসাম্মদ মরিয়ম বলেন, ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে নতুন কৃষি উদ্যোক্তা তৈরি, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এবং কৃষিকে খোরপোষভিত্তিক থেকে বাণিজ্যিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। পাশাপাশি পুষ্টি নিরাপত্তা ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়নেও এ প্রকল্প ভূমিকা রাখছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইসা বলেন, প্রান্তিক কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও তথ্য পৌঁছে দিয়ে উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করাই এ কংগ্রেসের মূল উদ্দেশ্য।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। শেষে উন্নত জাতের ফসল ও কৃষিপণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।