সারাদেশ

সাতক্ষীরাকে ডেঙ্গুমুক্ত রাখতে ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৪:৩৯:৩৬ প্রিন্ট সংস্করণ

 ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সাতক্ষীরা শহরে শুরু হয়েছে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি। জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার আয়োজনে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। উদ্বোধনী আলোচনা সভা শেষে শহরে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে রেড ক্রিসেন্ট, বিএনসিসি ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন ড্রেন ও ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কারের কার্যক্রম প্রত্যক্ষ করেন।

এ সময় পথচারী, সাধারণ নাগরিক ও যানবাহনের চালকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয়সংবলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে নাগরিকদের আরও সচেতন হতে হবে। বাড়ির আশপাশ ও শহরের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে আগামী তিন মাস এই পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

আরও খবর

Sponsered content