সারাদেশ

ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজের দাবিতে মানববন্ধন

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৪:০৮:৩৩ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহ জেলা শহরে রেললাইন সংযোগ ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শনিবার সকালে শহরের পায়রা চত্বরে ঝিনাইদহ জেলা রেললাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

এ সময় সংগঠনটির সভাপতি এনএম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, গণঅধিকার পরিষদের জেলা শাখার সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি তপন কুমার বিশ্বাস, জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিল্টন, বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ নাহিদ আক্তার, সাইদুর রহমান ও শিক্ষার্থী আব্দুর রহমানসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা বলেন, ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও ঝিনাইদহ শহরের মানুষ দীর্ঘদিন ধরে রেল যোগাযোগ ও উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। জেলা শহরে রেললাইন সংযোগ স্থাপন এবং একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা সময়ের দাবি।

তারা দ্রুত এ দুটি দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। দাবি পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

আরও খবর

Sponsered content