প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:২৮:৪৩ প্রিন্ট সংস্করণ
টাকা বহনে সীমাবদ্ধতা না থাকলেও কাস্টমসের অনুমতি নেওয়া সন্দেহজনক বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ ঘটনাকে জামায়াতের নাটক দাবি করা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, নাটকে জামায়াতও যুক্ত রয়েছেন কি না।
আজ বুধবার রাতে নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে বিভিন্ন অসঙ্গতির তথ্য তুলে ধরেন তিনি। ইসির কাছে এসব বিষয়ে সুষ্ঠু তদন্ত ও শাস্তিরও দাবি জানান তিনি।
নজরুল ইসলাম খান বলেন, ‘টাকা বহনে সীমাবদ্ধতা না থাকলে কাস্টমসের অনুমতি নেওয়া হলো কেন, এমন কর্মকাণ্ড সন্দেহজনক। আমরা বলতে চাই ব্যবসায়ের কাজে টাকা নিতেই পারে। তবে এটা নাটক হলে, ওরাও কি যুক্ত?’
অভিযোগ করে তিনি বলেন, অনেকেই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে।
ঢাকা-১৫ আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী বুথ ভাঙচুরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, ‘ডা. শফিকুর রহমানের বুথ ভাঙচুরের ঘটনা খুবই অন্যায়। আমরা দাবি করব তদন্ত করে শাস্তি দেওয়ার। তবে এটা তারাও ঘটাতে পারে।’
নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো দাবি করে নজরুল ইসলাম খান বলেন, আমরাও শেষ পর্যন্ত মাঠে থাকব। যারা বিশৃঙ্খলা করবে তাদের জনগণই প্রতিহত করবে।’ সার্বিকভাবে ইসি আরও শক্তিশালী ভূমিকা পালন করতে পারতো বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘সৈয়দপুরসহ দেশের বিভিন্ন স্থানে টাকাসহ জামায়াত নেতাদের আটকের ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জের শিবপুর, সিরাজগঞ্জের কামারগঞ্জ, বরগুনার পাথরঘাটা, নোয়াখালীর গনিপুর, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলাসহ বিভিন্ন স্থানে টাকা, অস্ত্র, বিভিন্ন পণ্য দেয়ায় আটক করা হয়েছে। এসব বিষয়ে জনগণের উদ্দেশ্যে ইসিকে একটা বার্তা দিতে অনুরোধ করছি।’




















