নওগাঁ, প্রতিনিধি: ২৫ জানুয়ারি ২০২৬ , ১১:০৮:৫৭ প্রিন্ট সংস্করণ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় স্বতন্ত্র এমপি প্রার্থী ডা. সালেক চৌধুরীর নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণকালে হামলার ঘটনায় একজন আহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার ভাবিচা ইউনিয়নের ঠকঠকি বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি অধ্যাপক সেকেন্দার আলী (৫১)।
আহত সেকেন্দার আলী ভাবিচা ইউনিয়নের বাদ মালঞ্চি গ্রামের মৃত বছির উদ্দিন মন্ডলের ছেলে। জানা গেছে, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক, মাদ্রাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাবিচা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি তাকে সব পদ থেকে বহিষ্কার করা হয়।
ভুক্তভোগী সেকেন্দার আলী জানান, রোববার বিকেলে তিনি স্বতন্ত্র এমপি প্রার্থী ডা. সালেক চৌধুরীর পক্ষে লিফলেট বিতরণ করছিলেন। এ সময় বিএনপি মনোনীত প্রার্থীর ভাই ও তার সমর্থকরা প্রচারণায় বাধা দেন। তিনি এর প্রতিবাদ করলে তাকে অতর্কিতভাবে হামলা করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
বর্তমানে তিনি নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলা গেটের সামনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ্ব সদরুল আমিন চৌধুরী, রেজাউল করিম, এনামুল হক, শামসুল আলম, আঙ্গুর ও মাকসুরা প্রমুখ। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্বতন্ত্র এমপি প্রার্থী ডা. সালেক চৌধুরী বলেন, নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার ঘটনা গণতন্ত্রের জন্য হুমকি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















