সাইফুল ইসলাম, শরীয়তপুর প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৫ , ৭:৩৫:৫১ প্রিন্ট সংস্করণ
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, “অনৈতিক দাবি তুলে নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার কঠোর হাতে দমন করবে। নির্বাচন বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই।”
শুক্রবার শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “দেশের জনগণ ভোটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কেউ যদি আইন-শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে বা আইন হাতে তুলে নেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না—এমন প্রশ্নে প্রেসসচিব বলেন, “যারা পতিত স্বৈরাচারের পার্টি, তারা নিজেরাই নির্বাচন থেকে সরে গেছে। নির্বাচনে আসার কোনো সুযোগ তাদের নেই।”
প্রেসসচিবের এই মন্তব্যকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।




















