সারাদেশ

নীলফামারীর কিশোরগঞ্জে ভারী বর্ষণে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ধস, পাঠদান ব্যাহত হওয়ার শঙ্কা

  কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: ২ মে ২০২৬ , ৯:২৭:৪৯ প্রিন্ট সংস্করণ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শুক্রবার রাতের ভারী বর্ষণে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও টয়লেটের অংশ ধসে পড়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। এতে কোমলমতি শিশুদের পাঠদান ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

উপজেলার ১ নম্বর উত্তর দুরাকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১১৬ জন শিক্ষার্থী রয়েছে। তাদের পাঠদানের জন্য তিনটি শ্রেণিকক্ষ থাকলেও এর মধ্যে একটি কক্ষ ধসে পড়ায় বর্তমানে চরম সংকট তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার রাতের ভারী বর্ষণে বিদ্যালয়ের ৫ম শ্রেণির পাঠদানকৃত কক্ষের একাংশ ধসে পড়ে। একই সঙ্গে কক্ষসংলগ্ন টয়লেটটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় পুরো ভবনটি ধসে যেতে পারে।

স্থানীয়রা জানান, ভারী বর্ষণের কারণে ভবনের শ্রেণিকক্ষ ও টয়লেট ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে শিশুদের নিরাপদে ক্লাস করানো কঠিন হয়ে পড়বে। তারা দ্রুত ভবন সংস্কারের দাবি জানান।

বিদ্যালয়ের জমিদাতা রেজাউল আলম স্বপন বলেন, “৫ম শ্রেণির শ্রেণিকক্ষের একাংশ এবং শিশুদের ব্যবহৃত টয়লেট ধসে পড়েছে। ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেছা খানম জানান, সকালে বিদ্যালয়ে এসে তারা দেখতে পান, রাতের ভারী বর্ষণে শ্রেণিকক্ষ ধসে গেছে। পরে তাৎক্ষণিকভাবে বেঞ্চ, নলকূপ, ফ্যান ও বৈদ্যুতিক তার সরিয়ে নেওয়া হয়।

তিনি বলেন, “এখন দুইটি কক্ষে সব শিক্ষার্থীর পাঠদান চালানো খুবই কষ্টকর হবে। বিশেষ করে ৫ম শ্রেণির ক্লাস পরিচালনায় বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে।” বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফিরোজ বলেন, বিদ্যালয়টিতে আগে থেকেই শ্রেণিকক্ষ সংকট ছিল। তার মধ্যে একটি কক্ষ ধসে পড়ায় শিক্ষার্থীদের পাঠদানে আরও সমস্যা সৃষ্টি হবে। ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

আরও খবর

Sponsered content