সারাদেশ

নেত্রকোনায় ২০২৫ সালে ২০৭টি অস্বাভাবিক মৃত্যু, সড়ক দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক

  নেত্রকোনা প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৮:২২:৫৪ প্রিন্ট সংস্করণ

নেত্রকোনায় ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জেলায় মোট ২০৭টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এসবের মধ্যে বেশিরভাগই সড়ক দুর্ঘটনায় মৃত্যু, যা জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে। এছাড়া অস্বাভাবিক মৃত্যুর মধ্যে রয়েছে হত্যা, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা, বিষপানে আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এবং পানিতে ডুবে মৃত্যু।

নেত্রকোনার সচেতন বিশ্লেষকদের মতে, এই সংখ্যাটি সরকারি হিসেবের চেয়ে অনেক বেশি। কারণ অনেক সময় নিভৃত পল্লী এলাকায় সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে মৃত্যু বা বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু হলে পুলিশি হয়রানী বা ময়না তদন্ত এড়িয়ে জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে লাশ দাফনের ব্যবস্থা করা হয়, ফলে সরকারি হিসেবে নথিভুক্ত হয় না।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সূত্রে জানা গেছে, জেলায় মাসভিত্তিক অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা হলো: জানুয়ারি ১৩টি, ফেব্রুয়ারি ১৪টি, মার্চ ১৮টি, এপ্রিল ২০টি, মে ২০টি, জুন ১৮টি, জুলাই ২২টি, আগস্ট ২৫টি, সেপ্টেম্বর ১৬টি, অক্টোবর ১২টি, নভেম্বর ১৭টি এবং ডিসেম্বর ১২টি।

নিরাপদ সড়কের দাবীতে সোচ্চার সচেতন নাগরিক সমাজের সভাপতি সানাউল হক মাসুম বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএ, জেলা পরিবহন মালিক সমিতি ও জেলা মোটরযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া, অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ ব্যক্তিকে গাড়ি চালানো থেকে বিরত রাখা এবং ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।”

নেত্রকোনা বিআরটিএ’র সহকারী পরিচালক জি এম নাদির হোসেন জানান, “আমরা বাস, ট্রাক, পিক-আপ ভ্যান ও অন্যান্য যানবাহন চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা ছাড়াও পথচারী ও হেলপারদের সচেতন করার কার্যক্রম চালাচ্ছি।”

নেত্রকোনা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, “নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধে পুলিশ কাজ করছে। চালক, হেলপার ও পথচারীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধি, হেলম্যাট বিতরণ ও অন্যান্য উদ্বুদ্ধ কার্যক্রম চালানো হচ্ছে। দুর্ঘটনার পরপরই মামলা করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। আমরা সকল নাগরিককে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।”

আরও খবর

Sponsered content