নওগাঁ প্রতিনিধি ২ এপ্রিল ২০২৬ , ৬:৪৭:৫০ প্রিন্ট সংস্করণ
নওগাঁর পত্নীতলায় বোরকা পরে নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে এক যুবক ধরা পড়েছেন। বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার ‘মেসার্স মামুন ফিলিং স্টেশন’-এ এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে হাস্যরসের পাশাপাশি আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি তেলের সংকটের কারণে পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় ছিল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছিল যানবাহন চালকদের। এ অবস্থায় লাইনের চাপ এড়াতে ওই যুবক বোরকা পরে নারী সেজে পাম্পে আসেন বলে ধারণা করা হচ্ছে।
মেসার্স মামুন ফিলিং স্টেশনের মালিকের ছেলে অভি জানান, “রাতে পাম্পে প্রচণ্ড ভিড় ছিল। এর মধ্যে বোরকা পরা এক ব্যক্তি তেল নিতে এলে তার চলাফেরা দেখে সন্দেহ হয়। পরে উপস্থিত লোকজন তাকে চ্যালেঞ্জ করলে বিষয়টি ধরা পড়ে।”
তিনি আরও জানান, ঘটনাটি জানাজানি হলে সেখানে সাময়িক উত্তেজনা তৈরি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই যুবককে পাম্প এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, তেলের সংকটে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি এড়াতেই ওই যুবক এমন ছদ্মবেশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।




















