জাতীয়

পরীক্ষা শেষে লংমার্চ, এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের বাড়তি উপস্থিতি

  প্রতিনিধি ১৫ জুলাই ২০২৬ , ১২:৪৪:৩২ প্রিন্ট সংস্করণ

টানা আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবি এবং পরীক্ষা শেষে লংমার্চ কর্মসূচির ঘোষণাকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে আজ এইচএসসি পরীক্ষাকেন্দ্রগুলোতে অভিভাবকদের বাড়তি উপস্থিতি দেখা গেছে।

রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অন্য দিনের তুলনায় বেশিসংখ্যক অভিভাবক সন্তানদের সঙ্গে নিয়ে এসেছেন। পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন তারা।

অধিকাংশ অভিভাবকরাই বলছেন, পরীক্ষা শেষে সন্তানদের একা ফিরতে দেবেন না, সঙ্গে করেই বাসায় নিয়ে যাবেন।

আজ বুধবার সকাল ১০টায় শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিনের পরীক্ষা ঘিরে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রসহ আশপাশের কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কেন্দ্রগুলোর সামনে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কেউ গাছের ছায়ায়, কেউ ফুটপাতে, আবার কেউ কেন্দ্রের ফটকের আশপাশে অপেক্ষা করছিলেন। অনেকের মুখেই ছিল উদ্বেগ ও উৎকণ্ঠার ছাপ।

প্রসঙ্গত, আজ আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এমনকি আজ পরীক্ষার পর লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচিও ঘোষণা করেছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আরও খবর

Sponsered content