এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা ১৭ অক্টোবর ২০২৬ , ১:২৩:৫৩ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীর কলাপাড়ায় এয়ারগান দিয়ে তিলা ঘুঘু ও বক পাখি হত্যার অভিযোগ এবং মাদকসেবনের ঘটনায় দুই যুবককে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যার পর পৌর শহরের নাচনাপাড়া এলাকা থেকে তানজিল (২১) ও সাইমুন মাতুব্বর (২৩) নামের ওই দুই যুবককে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কলাপাড়া ইউনিটের সদস্যরা।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের দণ্ড দেন। এ সময় কলাপাড়া বন বিভাগের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য এবং অ্যানিমেল লাভার্স পটুয়াখালীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, শুক্রবার বিকেলে তানজিল ও সাইমুন পৌর শহরের বিভিন্ন স্থানে এয়ারগান ব্যবহার করে পাঁচটি তিলা ঘুঘু ও একটি বক পাখি হত্যা করেন। পরে সন্ধ্যায় মাদকসেবনের পাশাপাশি পাখির মাংস দিয়ে পার্টি করার উদ্দেশ্যে তাঁরা নাচনাপাড়া এলাকায় গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাঁদের আটক করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বন্যপ্রাণী হত্যার দায়ে তানজিলকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে, সাইমুনের কাছে ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়ার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বন্যপ্রাণী সংরক্ষণ এবং মাদকদ্রব্যের অপব্যবহার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





















