মো. মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ৩ জুন ২০২৬ , ৬:২৬:১৬ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ব্রিজ সংলগ্ন গুচ্ছ গ্রামের একমাত্র সড়কের তিনটি স্থানে ধস দেখা দিয়েছে। এতে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
বুধবার (৩ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঙ্গাসী ব্রিজ সংলগ্ন গুচ্ছ গ্রামের একমাত্র যোগাযোগ সড়কের অন্তত তিনটি স্থানে ভাঙন ও ধসের সৃষ্টি হয়েছে। ফলে সড়কটি দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় ধীরে ধীরে এর অবস্থা বেহাল হয়ে পড়ে। সাম্প্রতিক বৃষ্টি ও মাটিধসের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে।
এলাকাবাসী জানান, সড়কটি গুচ্ছ গ্রামের মানুষের একমাত্র যাতায়াত পথ। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে এই সড়কের ওপরই নির্ভর করতে হয়।
তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত সংস্কার করা না হলে সড়কের আরও বড় অংশ ধসে পড়তে পারে এবং এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
এ অবস্থায় জনস্বার্থে পাঙ্গাসী ব্রিজ সংলগ্ন গুচ্ছ গ্রামের একমাত্র সড়কটি দ্রুত মেরামত ও সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।














