নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট)ঃ ৯ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৪১:৩৭ প্রিন্ট সংস্করণ
সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. জয়নাল আবেদীন বলেছেন, নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেওয়া হবে এবং চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা হবে।
সোমবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার স্কুল মাঠে তাঁর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফসল হলো—১২ তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেওয়া এবং বিজয়ের মিছিল নিয়ে ঘরে ফেরা। প্রতিপক্ষের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা ২৪-এর জুলাই যোদ্ধা। কোনো ভাড়াটিয়া বাহিনীর লালচক্ষুতে আমরা ভয় পাই না। তাদের কারণেই পাথরকোয়ারী বন্ধ হয়ে গেছে। নির্বাচিত হলে পাথরকোয়ারী অবশ্যই খুলে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “১২ তারিখ দাঁড়িপাল্লায় ভোট দেওয়া মানে পাথরকোয়ারী খোলার দিন এবং দুর্নীতি বন্ধ করার দিন।”
নিজের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, নির্বাচিত হলে কোম্পানীগঞ্জে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন, আধুনিক হাসপাতাল নির্মাণ, স্কুল-কলেজ-মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা এবং একটি শিল্পাঞ্চল গড়ে তোলা হবে।
২০২২ সালের ভয়াবহ বন্যার স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, “বন্যার সময় আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের দুঃখ-কষ্ট উপলব্ধি করেছি। সেদিন তারা আপনাদের পাশে আসেনি। আজ আমি প্রতিশ্রুতি দিচ্ছি—আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে করতেও দেব না। পাথরকোয়ারী খুলে দেব এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার হিসেবে গ্যাস সংযোগ নিশ্চিত করব।”
উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে এবং জামায়াত নেতা মাস্টার শফিকুল ইসলামের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ, খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি হাফিজ মাসুম আহমেদ, সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, প্রবাসী কমিউনিটি নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিপুলসংখ্যক এলাকাবাসী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যের শেষাংশে আগামী ১২ তারিখ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য সকল নেতাকর্মী ও ভোটারদের প্রতি আহ্বান জানান।





















