মুহাম্মাদ আল আমীন সাইফ ২৬ জুলাই ২০২৬ , ৬:০৬:২৭ প্রিন্ট সংস্করণ
সাংবাদিকতার পরিবর্তিত বাস্তবতায় দক্ষ ও দায়িত্বশীল সংবাদকর্মী গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন সিআইপি (ট্যাক্স), শিক্ষানুরাগী, সমাজসেবক এবং আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতাহার হোসেন পাটওয়ারী।
রবিবার (২৬ জুলাই) সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিনদিনব্যাপী ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন মিয়া এবং পিআইবির প্রশিক্ষণ সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন।
মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সেই বিবেককে জাগ্রত রাখতে হলে নিয়মিত প্রশিক্ষণ নিতে হবে। তথ্যপ্রযুক্তিনির্ভর এই সময়ে পেশাগত দক্ষতার কোনো বিকল্প নেই। একজন চিকিৎসকের ভুলে একটি পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু একজন সাংবাদিকের ভুল প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত হতে পারে একটি সমাজ, একটি প্রতিষ্ঠান, এমনকি একটি দেশও।”
তিনি বলেন, এবারের প্রশিক্ষণে ফরিদগঞ্জের প্রায় ৫০ জন সাংবাদিকের মধ্যে ২৫ জন অংশ নিয়েছেন। পর্যায়ক্রমে সব সাংবাদিকের জন্য এ ধরনের প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করতে পিআইবির প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় তিনি বলেন, দক্ষ সাংবাদিক তৈরি হলে উপকৃত হবে পুরো সমাজ। ফরিদগঞ্জের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজন হলে তিনি সব ধরনের সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের বর্তমান বাস্তবতায় ডিজিটাল দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনদিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিনে ফরিদগঞ্জ ও হাইমচর প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নেন। কর্মশালায় সংবাদ সংগ্রহের আধুনিক কৌশল, মোবাইল জার্নালিজম (মোজো), ভিডিও স্টোরি নির্মাণ, ছবি ও ভিডিও সম্পাদনা, ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ উপস্থাপন, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং) এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আগামী ২৮ জুলাই সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হবে।





















