সারাদেশ

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ নওগাঁর মান্দার ইউএনও আখতার জাহান সাথী শ্রেষ্ঠ নির্বাচিত

  মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: ৩ জুন ২০২৬ , ৫:১৫:১৮ প্রিন্ট সংস্করণ

প্রশাসনিক দক্ষতা, সততা, নিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ ‘শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’ হিসেবে নির্বাচিত হয়েছেন নওগাঁর মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।

এই সম্মাননা অর্জনের মাধ্যমে তিনি তার কর্মজীবনে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। স্থানীয় প্রশাসন, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি এবং সচেতন মহল এ অর্জনকে মান্দা উপজেলার জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন।

গত বছরের জুলাই মাসে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই আখতার জাহান সাথী শিক্ষা, প্রশাসন ও জনসেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে উপজেলায় শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডেও গতি এসেছে বলে স্থানীয়রা মনে করেন।

কুমিল্লা জেলার বাসিন্দা আখতার জাহান সাথী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা।

কর্মজীবনের শুরুতে তিনি সুনামগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন। পরে চাঁদপুরে রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ও ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার (এলএও) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া লক্ষ্মীপুরের রায়পুর এবং নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ইউএনও আখতার জাহান সাথী বলেন, “একটি বৈষম্যহীন, উন্নয়নমুখী ও জনবান্ধব মান্দা গড়তে আমি শুরু থেকেই কাজ করে যাচ্ছি। বিশেষ করে উপজেলার শিক্ষার মানোন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

স্থানীয়দের প্রত্যাশা, এ স্বীকৃতি মান্দা উপজেলার শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর

Sponsered content