সারাদেশ

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

  প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৫ , ১১:০৪:৫৩ প্রিন্ট সংস্করণ

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড ও পুখুরিয়া এলাকায় লকডাউনকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

‎‎বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী পাম্পের পাশে ও পুখুরিয়া এলাকায় মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে তারা যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ে।

‎‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকেই কয়েকজন নেতাকর্মী লকডাউনের সমর্থনে মহাসড়কে অবস্থান নেন। পরে আরও অনেক লোকজন যোগ দিলে পুরো মহাসড়ক অবরুদ্ধ হয়ে যায়। এতে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

এসময় ঢাকামুখী কয়েকটি খালি অ্যাম্বুলেন্স ফেরত পাঠানো হয়।তবে যেসব অ্যাম্বুলেন্সে রোগী ছিল, সেগুলোকে যেতে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।

‎‎বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, ‘ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড ও পুখুরিয়া দুটি এলাকায় লকডাউনকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। সকাল ১০টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।’

আরও খবর

Sponsered content