সারাদেশ

ঝিকরগাছায় নিখোঁজ কিশোর ৭ দিন পর উদ্ধার

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ৬ জুন ২০২৬ , ৮:২৪:২৩ প্রিন্ট সংস্করণ

 

যশোরের ঝিকরগাছা থেকে নিখোঁজ হওয়া কিশোর রাকিব হোসেন (১৬) সাত দিন পর পুলিশের সফল অভিযানে উদ্ধার হয়ে মায়ের কোলে ফিরেছে। শুক্রবার (৫ জুন) দুপুরে নওয়াপাড়া স্টেশন এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

দীর্ঘ উৎকণ্ঠার পর ছেলেকে ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন তার মা মোছা. মিনা খাতুন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ মে সকালে ঝিকরগাছা পৌরসভার মোবারকপুর গ্রামের নিজ বাড়ি থেকে কাজের সন্ধানে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যায় রাকিব। এরপর থেকে তার কোনো খোঁজ না পাওয়ায় আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়।

পরবর্তীতে গত ৩১ মে রাকিবের মা মোছা. মিনা খাতুন ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩২৫) করেন।

জিডি দায়েরের পর থেকেই রাকিবকে উদ্ধারে তৎপর হয় ঝিকরগাছা থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসানের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) পলাশ দাস উদ্ধার অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে নওয়াপাড়া স্টেশন এলাকা থেকে রাকিবকে উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রাত ৮টার দিকে তাকে তার মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়।

প্রিয় সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত মা মোছা. মিনা খাতুন ঝিকরগাছা থানা পুলিশ, বিশেষ করে তদন্ত কর্মকর্তা এসআই পলাশ দাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, “জিডি হওয়ার পর থেকেই আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে। এসআই পলাশ দাসের দক্ষতা ও তৎপরতায় নিখোঁজ কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।”

স্থানীয়রা পুলিশের এ তৎপরতার প্রশংসা করেছেন এবং দ্রুত সময়ের মধ্যে কিশোরকে উদ্ধারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন।

আরও খবর

Sponsered content