সারাদেশ

কুড়িগ্রাম থেকেই শুরু হবে উন্নয়নের অগ্রযাত্রা: ডা. শফিকুর রহমান

  ভুবন কুমার শীল, কুড়িগ্রাম ৪ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:২৪:২৬ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম জেলা দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জনপদ উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেছেন, এই কুড়িগ্রাম থেকেই শুরু হবে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা। বঞ্চিত জনগণকে আর দাবি জানাতে হবে না, মিছিলও করতে হবে না—উন্নয়ন করা আমাদের ঈমানি দায়িত্ব।

বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় ২২ মিনিটব্যাপী বক্তব্যে তিনি কুড়িগ্রামকে “কৃষি শিল্পের রাজধানী” হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। বলেন, কৃষি বিপ্লব ঘটাতে পারলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এ অঞ্চলের মানুষ অর্থনৈতিক মুক্তি পাবে।

তিনি বলেন, “কুড়িগ্রামের প্রধান দুঃখ তিনটি বড় নদী। এই নদীগুলোকে হত্যা করে মরুভূমি বানানো হয়েছে। রাষ্ট্রের বাজেট লুটপাট হয়েছে। প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ দিলে এই লুটের টাকা ফিরিয়ে আনা হবে।”

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী কোনো দলীয় রাষ্ট্র কায়েম করতে চায় না। “আমরা চাই দেশের ১৮ কোটি মানুষের বিজয়। বিভক্তি নয়—সমতা ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ চাই।”

শহীদদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “রংপুরের সন্তান শহীদ আবু সাঈদ বুক পেতে দিয়ে অধিকার আদায়ের ডাক দিয়েছে। তার মতো আরও প্রায় ১৪শ শহীদের রক্তে এ দেশের মাটি রঞ্জিত। আমরা সেই রক্তের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করব না। তাদের স্বপ্ন ছিল একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ—এই স্বপ্ন বাস্তবায়নেই জামায়াতে ইসলামী কাজ করে যাবে।”

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “যে দেশে মায়েদের নিরাপত্তা নেই, সে দেশ আমার হতে পারে না। আমরা জাতি-ধর্ম দেখব না, সব ধর্মের নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”

তিনি অভিযোগ করে বলেন, তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তবে সত্য কখনো চাপা দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

সভায় ডা. শফিকুর রহমান মঞ্চে কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী মাহবুবুল আলম সালেহী এবং কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমানের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। একই সঙ্গে কুড়িগ্রাম-২ আসনে ১১ দলীয় জোট সমর্থিত এনসিপির প্রার্থী ড. আতিকুর রহমানকে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

১১ দলীয় জোটের জনসভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. আজিজুর রহমান স্বপন। বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, শাহজালাল হক সবুজ, জেলা বায়তুল মাল সম্পাদক জহরুল ইসলাম, অ্যাডভোকেট ইয়াসিন আলী, এনসিপির জেলা আহ্বায়ক মো. মুকুল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তরুণ ভোটারদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা নয়—শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে তাদের দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করা হবে। দেশের নেতৃত্ব তরুণদের হাতে তুলে দিয়ে আমরা পেছন থেকে সাহস ও শক্তি জোগাব।”

তিনি বলেন, দমন-পীড়ন বা সংকট—কোনো অবস্থাতেই জামায়াতে ইসলামী জনগণকে ছেড়ে যায়নি, ভবিষ্যতেও যাবে না। অন্যায়ের কাছে মাথা নত না করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

আরও খবর

Sponsered content