জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৫ , ৯:৩৭:৫৩ প্রিন্ট সংস্করণ
৩০ আগস্ট (শনিবার) শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনার চত্বরে গণঅধিকার পরিষদ ফেনী জেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি হাবিবুল্লাহ বাহার। জেলা সাধারণ সম্পাদক রেজাউল করিম সৈকতের সঞ্চালনায় বক্তব্য দেন খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, যুগ্ম সম্পাদক আজিজ উল্লাহ আহমদি, ফেনী স্বেচ্ছাসেবক পরিবারের সংগঠক ওসমান গনি রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ওমর ফারুক এবং সাবেক সহ-সমন্বয়ক ওমর ফারুক শুভ।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে পুনরায় সক্রিয় করার চেষ্টা চলছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতীয় পার্টির এই ধরনের কার্যক্রমের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।
সাম্প্রতিক নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, যারা এ হামলা চালিয়েছে সেই ‘অতি উৎসাহীদের’ দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তাদের অভিযোগ, সেনাবাহিনীতে থাকা কিছু ‘দেশপ্রেমিকের ছদ্মবেশে থাকা আওয়ামী দোসর’ এবং আওয়ামী লীগ কোটায় নিয়োগপ্রাপ্ত কিছু পুলিশ সদস্য এ ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত।
নেতারা বলেন, ২০১৮ সাল থেকে নুরুল হক নুর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করে আসছেন। তার ওপর এ হামলা আসলে “জুলাই বিপ্লব” নস্যাৎ করার একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।




















