জাহিদ হাসান চৌধুরী, ফেনী প্রতিনিধি: ১২ মে ২০২৬ , ৩:৫৫:২৭ প্রিন্ট সংস্করণ
ফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নুর আলম (৪৫) ও তার ছেলে মো. নিরব (২৫)।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের লালপোল এলাকার পূর্ব-দক্ষিণে হাফেজিয়া মধ্য অংশের আলম ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর আলম সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের সি-ম্যান সফিউল উল্যাহর বাড়ির নুরুল হুদার ছেলে। তিনি পেশায় অ্যাম্বুলেন্স চালক ছিলেন।
এ ঘটনায় আহত হয়েছেন তার ভাগিনা আফজাল মিঠু। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ছেলে ও ভাগ্নেকে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া থেকে মোটরসাইকেলে করে ফেনীতে ফিরছিলেন নুর আলম। পথে হাফেজিয়া এলাকায় দ্রুতগতির একটি দাউদকান্দি পরিবহনের বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুরুতর আহত ছেলে মো. নিরব ও ভাগ্নে আফজাল মিঠুকে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে নিরবের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাস রেখে চালক পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মো. আসাদুল ইসলাম, মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জানান, বাসচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















