নিজস্ব প্রতিবেদক ৪ মার্চ ২০২৬ , ৬:০৭:৩০ প্রিন্ট সংস্করণ
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ককে পুলিশ টানতে যাচ্ছে। পুলিশের মধ্যে যাকে টানতে দেখা যাচ্ছে, তিনি হলেন এসআই আবু তাহের ভূঁইয়া, যিনি ফেনীর বাসিন্দা। তবে ছবিটির সঠিক তারিখ জানা যায়নি।
ঘটনার পর ফেসবুকে পোস্ট করেছেন গুলশান থানা বিএনপির সদস্য মোহাম্মদ আলম, ক্যাপশন দিয়ে: “কোথায় এই আবু তাহের?” বনানী থানা বিএনপির সদস্য হাছান আল মামুন লিখেছেন: “ওরে দরকার। যতো টাকা লাগুক!”
১৯নং ওয়ার্ড বিএনপির সদস্য সোহেল রানা কমেন্টে লিখেছেন, “সেদিন ছিল ঈদের আগের দিন। কুর্মিটোলা হাসপাতালে আমার স্ত্রী ডেলিভারির জন্য ভর্তি। সেই মুহূর্তে এই তাহের আমাকে ধরে বনানী থানায় মামলা দিয়েছিল। অনেক আকুতি-মিনতি করেও কোনো শুনানি হয়নি। আমার একটাই অপরাধ ছিল, আমি বিএনপি করি।”
বনানী থানা মহিলা দলের সাবেক সভাপতি রোকেয়া সরকার কমেন্টে লিখেছেন, “এই আওয়ামী লীগের দোসরকে খুঁজে বের করে শান্তি দেওয়া হোক।”
অনুসন্ধানে জানা গেছে, এসআই আবু তাহের ভূঁইয়া বনানী থানায় কর্মরত থাকাকালীন ২০১৮ সালে মাদক ব্যবসায়ীদের মদদ দেওয়ার অভিযোগে তার নাম বিভিন্ন গোয়েন্দা তালিকায় উঠেছিল। সে সময় তিনি কড়াইল বস্তির বিট ইনচার্জ ছিলেন। অভিযোগ আসে, দায়িত্বে থাকাকালীন তিনি মাদক চক্রের সঙ্গে সম্পর্ক রাখতেন এবং নিরীহ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসাতেন।
বনানীর কয়েকজন বিএনপি নেতা অভিযোগ করেছেন, “এসআই আবু তাহের ভূঁইয়া ছিল আওয়ামী লীগের দোসর। বিএনপি নেতাদের সঙ্গে অমানবিক আচরণ করতেন, টাকা আদায় করতেন, জেলে থাকা নেতাদের বাড়িতে গিয়ে হুমকি দিতেন এবং নানাভাবে হয়রানি করতেন।”
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করলে আবু তাহের ভূঁইয়া সব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। কারও অনুসারী ছিলাম না।”














