সারাদেশ

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

  প্রতিনিধি ১৯ জুন ২০২৬ , ১২:৪৯:১০ প্রিন্ট সংস্করণ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আব্দুল কাদের (২৫) নামে আরও এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে গুরুতর আহত আব্দুল কাদের দামুড়হুদা উপজেলার ডুগডুগি কলোনিপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাউদ্দিন।

স্থানীয় ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আব্দুল কাদের ও তার কাছে বেড়াতে আসা অজ্ঞাত ২ বন্ধু একটি মোটরসাইকেলে একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে তারা দামুড়হুদার দুধপাতিলা রেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ‘মহানন্দা মেইল’ ট্রেন তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই বন্ধুর নির্মম মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা অপর বন্ধু আব্দুল কাদেরের পা কেটে গিয়ে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধারের পাশাপাশি তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও খবর

Sponsered content