মো. শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ৪:০৮:৫৩ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ৫ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৩টার দিকে হিলি উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।
তিনি জানান, ভোররাতে হিলির ঘাসুড়িয়া সীমান্তের বিপরীতে ভারতের চকগোপাল এলাকার ২৮৮ নম্বর মেইন পিলারের ৪০ এস থেকে ৪৮ এস সাব-পিলার এলাকায় ৫ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থান নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করেন। এতে পুশইনের চেষ্টা ব্যর্থ হলে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেয়।
ঘটনার পরপরই বিজিবির অধিনায়ক সীমান্ত এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, সীমান্তে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অস্থায়ী ক্যাম্প স্থাপন এবং জনবল বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে।
লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, “বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তের ওপারে কোনো ব্যক্তিকে অবস্থান করতে দেখা যাচ্ছে না। তবে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে কোনো ব্যক্তি যেন হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সীমান্তজুড়ে নিয়মিত টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি অরক্ষিত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




















